চর ছালাপাক প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় চর ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। সম্প্রতি ক্লাস চলাকালে বিল্ডিংয়ের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীর মাথায়। এতে একজন ছাত্র আহত হয়। তাছাড়া পুরো বিল্ডিং দিয়ে পানি চুয়ে পড়ে। এতে দুটি সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ছাত্রছাত্রী ও শিক্ষকরা বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ছাদের বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে গেছে। তাছাড়া ছাদের ভীমের রড বের হয়ে ফাটল ধরেছে। মরিচা ধরেছে রডে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস করছে। এ সময় পঞ্চম  শ্রেণির শিক্ষার্থী আখি মনি, বশির আহমেদ, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারুফা আক্তার ও রবিউল জানায়, তারা ভয়ে ভয়ে ক্লাস করছে। ক্লাসে পড়াশোনায় মন বসছে না। কখন কি হয়। তৃতীয় শ্রেণির ছাত্রী সায়মা বেগমের বাবা আশরাফুল ইসলাম এবং চতুর্থ শ্রেণির ছাত্র জাহেদুলের অভিভাবক শরিফুল ইসলাম বলেন, স্কুলে বাচ্চারা তো ভয়ে ভয়ে ক্লাস করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান বলেন, নিয়ম অনুযায়ী ঝুঁকিপূর্ণ স্কুলের তালিকা পাঠানো হয়েছে। এগুলো ঢাকা থেকে পাশ হয়ে আসে। তারপর কাজ করা হয়।