বাড়ির গাছগাছালিতে সাদা বকের বসতি

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি গ্রামের ঐ দুটি বাড়ির পুরোনো বাঁশঝাড় ও গাছগাছালিতে গত কয়েক বছর ধরে সাদা বক, সোনালি বক, পানকৌড়িসহ কয়েক প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল গড়ে উঠেছে। সকালে আর বিকালে পাখির কিচিরমিচির শব্দ গোটা বাড়ির পরিবেশকে মাতিয়ে তোলে।

সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-শমশেরনগর সড়কের গাঁ ঘেঁষে সরিষকান্দি গ্রামের প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আনোয়ার খান ও তার পাশের বাড়ির আতাউর রহমান খানের বাড়ির বাঁশঝাড়ে গত কয়েক বছর যাবত্ সাদা বক পাখি নিরাপদ আবাসস্থল গড়ে তুলেছে। সারিবদ্ধ  বাঁশঝাড়ে দীর্ঘ চার, পাঁচ বছর ধরে নিরাপদ আবাসভূমি গড়েছে বকসহ বিভিন্ন প্রজাতির পাখি। রাস্তা দিয়ে যাতায়াতের সময় যে কারো নজরে পড়বে ধবধবে সাদা, সোনালি বকসহ বিভিন্ন জাতের বকের কিচিরমিচির শব্দ আর এদিক সেদিক লাফালাফির দৃশ্য।

গ্রামের জগরাম শব্দকর জানান, কয়েক বছর ধরে এসব পাখি এই দুটি বাড়ির বাঁশঝাড় ও গাছগাছালিতে বিচরণ করছে। সকালে ও বিকালে পাখির কিচিরমিচির শব্দ দূর থেকেই শোনা যায়। সকালে খাবারের উদ্দেশে সব পাখিই মান্দারী বন্দের বিশাল কৃষি জমিতে বেরিয়ে পড়ে। আবার বিকালে ধীরে ধীরে বাসস্থানে ফিরতে থাকে।

তিনি আরো বলেন, গত বছর ও এর আগের বছরগুলোতে বক পাখির উপস্থিতি আরো বেশি ছিল। বাড়ির পেছনের ফিশারিসহ আশপাশ এলাকার আবাদি জমি থেকে বেশিরভাগ খাবার খেতে দেখা যায়। তবে পাখির নিরাপদ আবাসভূমি হলেও কিছুসংখ্যক শিকারিদের অপতত্পরতা রয়েছে। এসব শিকারিরা ক্ষেতের জমিতে কিংবা বন্দুক নিয়ে সন্ধ্যায় গোপনে পাখি শিকারের চেষ্টা করে। এ কারণে পাখির উপস্থিতি আগের চেয়ে কম দেখা যাচ্ছে।