শেরপুরে ১৪৬ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলায় এবার ১৪৬ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুত্ সংযোগ এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুনের সঞ্চালনায় পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট সুব্রত দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা পূজা উদ্যাপন পরিষদ জেলায় ১৪৬টি মণ্ডপে পূজা উদ্যাপন হবে বলে নিশ্চিত করে।

আগামী ৪ অক্টোবর ষষ্ঠীতে দেবী বোধনের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা শুরু হবে।