ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

কলেজছাত্র গ্রেফতার

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে আব্দুল আল মুবিন (১৯)। সে উপজেলার সাফা বন্দরের নবী হোসেনের ছেলে এবং খুলনা পাবলিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার শাফা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বখাটে মুবিন দীর্ঘদিন ধরে কলেজে আসা-যাওয়ার পথে কু-প্রস্তাব দিয়ে আসছিল। পরে ঐ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কয়েকবার ধর্ষণ এবং বন্ধুদের সহযোগিতায় গোপনে ভিডিও ধারণ করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। সম্প্রতি ঐ ছাত্রীর বাবার কাছে ধর্ষণের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা মঠবাড়িয়া থানায় মুবিনসহ তার সহযোগী আরো ছয় জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।