উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি চিলমারী নৌবন্দর

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে নৌবন্দর উদ্বোধনের আড়াই বছর হলেও কার্যক্রম শুরু হয়নি। কুড়িগ্রাম জেলা পরিষদের সঙ্গে চিলমারী নৌবন্দর প্রতিষ্ঠাসংক্রান্ত বিআইডব্লিউটিএর জটিলতায় বন্দর প্রতিষ্ঠা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

জানা গেছে, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর তত্কালীন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান উপজেলার নৌবন্দর উদ্বোধন করেন। বন্দর প্রতিষ্ঠার কার্যক্রমের জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। জেলা পরিষদ পূর্ব থেকে জেলার সকল নৌঘাট ইজারা দেয়াসহ পরিচালনা করে আসত। জেলা পরিষদ নদীবন্দর ঘোষিত এলাকায় তাদের পন্টুন স্থাপন করে ইজারাদার ঘাটের কার্যক্রম পরিচালনা করে আসছে। একই স্থানে নৌবন্দর ও জেলা পরিষদের নৌঘাটের কার্যক্রম পরিচালনা হওয়ায় জেলা পরিষদ ও নৌবন্দর কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে মামলা পর্যন্ত গড়ায়।

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান আবারও ২০১৮ সালে ৯ জুন চিলমারী সফরে এসে নদীবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেছিলেন, চিলমারী নৌবন্দর প্রতিষ্ঠায় সব ধরনের সমস্যা সমাধান করে শিগগির বন্দর প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করা হবে। এর পরেই বন্দরের নিরাপত্তা রক্ষায় বন্দর পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলেও বন্দর প্রতিষ্ঠার তেমন কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না।

বন্দর পরিচালক শফিকুল ইসলাম এ ব্যাপারে জানান, ডিপিপি প্রধানমন্ত্রীর নিকট জমা দেয়া আছে, একনেকে অনুমোদন হলে বন্দর প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হবে।