বাঘা (রাজশাহী) সংবাদদাতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম বলেছেন, ‘আমাদের সরকার যেভাবে দেশের উন্নয়ন করে চলেছে, তা বিগত কোনো সরকার আমলে হয়নি। আমরা ২০২১ সালে মধ্যম এবং ২০৪১ সালে উচ্চ আয়ের দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং সে লক্ষ্যে কাজও করছি। আমাদের লক্ষ্য গ্রামকে শহরে পরিণত করা। সে জন্য আমরা শতভাগ বিদ্যুতায়নসহ গ্রামভিত্তিক নানা উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছি।’
শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা চারঘাট-বাঘার শেষ সীমানা রামচন্দ্রপুরের আওতাধীন চারঘাট-২ (আড়ানী)৩৩/১১ কেভি বিদ্যুত্ উপকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহিরয়ার আলম এ কথা বলেন।
এ উপলক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুত্ বোর্ডের প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুত্ সমিত-২-এর অতিরিক্ত মহাব্যবস্থাপক মমিনুল ইসলাম, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী প্রমুখ।