কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
কালকিনি উপজেলার ডাসার থানার পাথুরিয়াপাড় বাজারে ভোর রাতে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার ভোররাত ৫টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
আগুনে মেসার্স সরদার স্টোর, হাওলাদার ইলেকট্রিক, ইমরান কসমেটিক, সজিব স্টোর, ঝান্টু স্টোর, শিপন স্টোর, কুদ্দুস ইলেকট্রনিক্স, সামচু ফল ভান্ডারের সকল মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে দেখেন বাজারে আগুন লেগেছে। তখন তারা ফোনে বিষয়টি জানালে আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।