ইতালিতে গোবরের ট্যাংকে পড়ে চার ভারতীয়ের মৃত্যু

ইতালিতে একটি দুগ্ধ খামারের গোবরের ট্যাংকে ডুবে মারা গেছেন ভারতের পাঞ্জাব থেকে যাওয়া চার জন শিখ। দেশটির উত্তরাঞ্চলের পাভিয়ার কাছে এ ঘটনা ঘটেছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, গোবরের সার থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাসে তাদের মৃত্যু হতে পারে। দুগ্ধ খামারে তারা একটি গোবর সারের ট্যাংক খালি করছিলেন। এদের এক জন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য বাকি তিন জন যখন ট্যাংকের ভেতর লাফ দেন, তখন তারা সবাই মারা যান বলে মনে করা হচ্ছে।

নিহত চার জনের মধ্যে দুই জন ছিলেন এই খামারের মালিক। বাকি দুই জন সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন। এরা সবাই ভারতীয় নাগরিক। প্রেম সিং ও তারসেম সিং নামের দুই ভাই ২০১৭ সালে এই খামার স্থাপন করেন। এটি মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ইতালির গণমাধ্যমের খবর অনুযায়ী, এরেনা পো নামের এই খামার ছিল পাভিয়া অঞ্চলের সবচেয়ে বড়ো গরুর খামার। দুর্ঘটনায় নিহত বাকি দুই জন হচ্ছেন আরমিনদার সিং ও মাজিনদার সিং। বৃহস্পতিবার দুপুরে যখন তারা দুপুরের খাবার খেতে আসেননি, তখন তাদের স্ত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। দমকলকর্মীরা এসে এরপর গোবরের ট্যাংক থেকে তাদের দেহ উদ্ধার করেন। ইতালিতে চলতি বছর এ নিয়ে কর্মস্থলে দুর্ঘটনায় মোট ৪৮৬ জন মারা গেছেন। —বিবিসি