সাগরে ডুবে যাওয়া এমভি গলফ আরগোর ১৪ নাবিককে উদ্ধার

বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কনটেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগোর ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শুক্রবার সকালে তাদের উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাতে জাহাজটি ১৫২টি কনটেইনার নিয়ে চট্টগ্রাম থেকে কলকাতা যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকায় জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।

উদ্ধারকৃত নাবিকরা হলেন— ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত, চিফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ, চিফ অফিসার কাজী মাহমুব আলম, সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল, থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন, বোসনমেট রফিক উল্লাহ, অ্যাবল সিম্যান মো. জুবায়ের হোসেন, অডিনারি সিম্যান সুজন মুখারজি, অডিনারি সিম্যান মো. সাহাবুদ্দিনসহ, শাহদাত হোসেন, জমিরুল ইসলাম, শহিদ মিয়া, মো. রাজু ও আব্দুর রশিদ। উদ্ধারকৃত নাবিকগণ বাংলাদেশের নাগরিক।