বৃদ্ধের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, ধরা পড়ল ভারতীয় যুবক

৩২ বছরের এক ভারতীয় যুবক ৮১ বছরের বৃদ্ধের ছদ্মবেশ ধরে জাল পাসপোর্টে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিলেন। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি এবং ইমিগ্রেশন পার হয়ে প্রায় উঠেই যাচ্ছিলেন বিমানে। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়েন। পুলিশ জানায়, এই যুবকের নাম জয়েশ প্যাটেল। তাকে বিমানবন্দর থেকেই গত রবিবার গ্রেফতার করা হয়।

জয়েশ প্যাটেল বিমানবন্দরে এসেছিলেন হুইলচেয়ারে চড়ে। তার মুখভর্তি সাদা দাঁড়ি, চোখে ভারী লেন্সের চশমা। পাথায় পাগড়ি। প্রথম দেখায় তাকে ৮১ বছরের বৃদ্ধের মতই লাগছিল। কিন্তু খুব কাছ থেকে তাকে দেখে কয়েকজন কর্মকর্তার সন্দেহ হয়। সিএনএন টেলিভিশনকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের একজন কর্মকর্তা বলেন, তার বয়স ৮০ বছর হতেই পারে না। মুখের ত্বক একজন তরুণের মতো। পরবর্তীতে আরেকটি নিরাপত্তা তল্লাশিতে সন্দেহ আরও ঘনীভূত হq| কারণ প্যাটেল তার হুইলচেয়ার থেকে দাঁড়াতে অস্বীকৃতি জানাচ্ছিলেন এই বলে যে তিনি বয়সের ভারে দাঁড়াতেই পারেন না। এরপর তার কাগজপত্র চাইলে তিনি তার পাসপোর্ট এগিয়ে দেন। সেখানে তার নাম ছিল আমরিক সিং। পাসপোর্টের তথ্যানুযায়ী, ১৯৩৮ সালে দিল্লিতে তার জন্ম। পরে জেরার মুখে জয়েশ প্যাটেল স্বীকার করেন, তিনি আমরিত সিং নন। জাল পাসপোর্টে বৃদ্ধ মানুষের ছদ্মবেশে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন। -বিবিসি