আয়-ব্যয় সংক্রান্ত জটিলতায় সদরউদ্দিন ডিগ্রি কলেজ

অভিযোগ-পালটা অভিযোগে পাঠদানে বিঘ্ন

 বাবুল আকতার মঞ্জুর, শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

শিবালয়ের ঐতিহ্যবাহী সদরউদ্দিন ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা, আয়-ব্যয়সহ নানা বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এ সব বিষয়ে দুটি পক্ষের পালটাপালটি অভিযোগের কারণে কলেজে পাঠদান বিঘ্নিতসহ নানা বিষয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর এ কলেজের শিক্ষাব্যবস্থা, অবকাঠামো, পরিচালনাসহ নানা বিষয়ে দ্রুত দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যায়। এ কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সাধারণ ও অনার্স কোর্স চালু হওয়ায় বর্তমানে প্রায় ৪ হাজার শিক্ষার্থী এ কলেজে ভর্তি রয়েছে। প্রতি বছর এইচএসসি, ডিগ্রি ও অনার্স কোর্স পরীক্ষায় ভালো ফলাফল করায় এ কলেজ জেলায় শ্রেষ্ঠ হিসেবেও বিবেচিত হয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সে তুলনায় আধুনিক শ্রেণিকক্ষসহ বিভিন্ন অবকাঠামোগত ঘাটতি থাকলেও কলেজ পরিচালনা পর্ষদ উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমান এডহক কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক ।

সূত্র জানায়, ইদানিং কলেজের আয়-ব্যয় সংক্রান্ত অভ্যন্তরীণ অডিট সম্পন্ন হয়। অডিটে আর্থিক অসংগতির তথ্য তুলে ধরে কতিপয় শিক্ষক কর্মচারীসহ অনেকে নানা অভিযোগ করেন। অভিযোগ-পালটা অভিযোগে কলেজের সার্বিক ভাব-মূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন।

অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার জানান, প্রাথমিক অডিটে কোনো আপত্তি থাকলে পরবর্তী অডিটে তা সংশোধনের বিধান রয়েছে। তাতেও কোনো অসংগতি থাকলে মন্ত্রণালয় বা অধিকতর অডিটে তা নিষ্পত্তি করা যেতে পারে। কিন্তু কিছু শিক্ষকসহ অনেকে কলেজের ভাব-মূর্তি ক্ষুণ্ন করার  চেষ্টা করছেন।