এসপি এএসপিসহ আহত তিন

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সুপারের গাড়ি খাদে গানম্যান নিহত

ফেনীর পুলিশ সুপারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশ সুপারের নিরাপত্তারক্ষী (গানম্যান) নিহত হয়েছেন। নিহতের নাম আজাহারুল (৩০)। দুর্ঘটনায় পুলিশ সুপার মো. নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ও গাড়িচালক মং সাই আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশ সুপার মো. নুরুন্নবী গতকাল রাতে বোগদাদিয়া থানা পরিদর্শন শেষে ফেনী আসছিলেন। পথে তাকে বহনকারী গাড়িটি কসকা বাজারের কাছাকাছি এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে যায়। এ সময় গাড়ির সামনে বসা আজাহারুলসহ চার জন আহত হন। খবর পেয়ে ফেনী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জেলা শহরের শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে জেডইউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সকরা আজাহারুলকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গানম্যান আজাহারুল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। গাড়িচালক মং সাই চাকমাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আহত পুলিশ সুপার মো. নুরুন্নবী ও অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানকে বিশেষজ্ঞ চিকিত্সকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিত্সা দিচ্ছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, পুলিশ সদস্য আজাহারুলের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।