মাইক্রোব্লগিং সাইট টুইটার তাদের প্ল্যাটফরমে থাকা কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো, তার মেয়ে মারিয়েলা ক্যাস্ট্রো এবং দেশটির রাষ্ট্র পরিচালিত বেশ কয়েকটি শীর্ষ সংবাদমাধ্যমের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। গত বুধবারের এই ‘ক্র্যাকডাউনে’ কমিউনিস্ট পার্টি শাসিত দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের কয়েক ডজন সাংবাদিক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে।
কিউবার সাংবাদিকদের সংগঠন কিউবান অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনার মাধ্যমে মার্কিন এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট ‘ব্যাপক মাত্রায় সেনসরশিপ’ আরোপের নজির রেখেছে বলেও অভিযোগ করেছে তারা।
কিউবার রাজনৈতিক নেতা ও সংবাদমাধ্যমের অ্যাকাউন্টগুলো স্থগিত করার বিষয়ে টুইটারের এক মুখপাত্র বলেছেন, তাদের প্রতিষ্ঠানের ম্যানিপুলেশন নীতিতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে কথোপকথনে বিঘ্ন ঘটানো কিংবা কৃত্রিমভাবে ব্যবহারকারীর কার্যক্রম বাড়ানোর প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আছে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার কারণে কিউবায় জ্বালানির তীব্র সংকট দেখা দিতে পারে—রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলের এমন সতর্কবার্তার মধ্যেই দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর টুইটারের এ খড়্গ নেমে এলো। অতীতে এভাবে ব্লক বা স্থগিত করার পরও টুইটার অনেকের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে কিউবান ইউনিয়ন অব জার্নালিস্ট। কিউবার সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব এবং বিপ্লবী নেতাদের চুপ করিয়ে দেওয়ার সুস্পষ্ট পরিকল্পনায় এই অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে বলে জানিয়েছে তারা।
সাম্প্রতিক বছরগুলোতে ক্যারিবীয় এই দ্বীপদেশের সরকার কর্মকর্তাদের অনলাইন ব্যবহারে ব্যাপক হারে উত্সাহিত করেছে। ২০১৮ সালের ডিসেম্বর থেকে কিউবায় মোবাইল ইন্টারনেট সেবাও চালু হয়েছে। গত বছর দেশটির প্রেসিডেন্ট দিয়াস-কানেল টুইটারে অ্যাকাউন্ট খুলে সরকারি কর্মকর্তাদের এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনগণের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে পরামর্শ দেওয়ার পর মাইক্রোব্লগিং এই সাইটে কিউবানদের অংশগ্রহণ বেড়েছে।
ইত্তেফাক/এসআর