তৃতীয়বারের মতো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস এবং বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোতে একসঙ্গে বিচারক হিসেবে দেখা যাবে মৌসুমী ও ফেরদৌসকে। গতবছরের মতো এ বছরও প্রতিযোগিতার ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা।
অনুষ্ঠানের বিচারকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য গতকাল বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ৩০ হাজরের অধিক প্রতিযোগী এ বছর ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে থেকে প্রাথমিক বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে অডিশন কার্যক্রম। এরপর বিভিন্ন রাউন্ড এবং গ্রুমিংয়ের মধ্যে দিয়ে নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগীকে নিয়ে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে এ বছরের ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’। আগামী ২০ অক্টোবর থেকে এটিএন বাংলার প্রচার করা হবে ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ অনুষ্ঠানটি।