ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শামছু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বড্ডা গ্রামের দুইপক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, রবি রহমান (৫৫), এরশাদ মিয়া (৩৭), সায়েদুল মিয়া (২২), আলাল (৪০), আব্দুর রহিম (৬০), শেখ রাকিব (৪০), শেখ হোসেন (৪২), জাবেদ (৩৫), শরীফ (২০) ও বাবুল মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ ও সর্দার শামছু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ১০টায় আহাদ পক্ষের লোকজন শামছু পক্ষের লোকজনদের ওপর হামলা করে। পরে উভয় পক্ষের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আহত হয়ে বৃদ্ধ শামছু মিয়া ঘটনাস্থলে মারা যান।
সরাইল থানার এসআই রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষের বল্লমের আঘাতে শামছু মিয়ার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
আরও পড়ুন: ‘প্রভুর অনুমতিতে গৃহত্যাগ করিলাম’
সরাইল থানার অফিসার ইনচার্জ শাহাদৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
ইত্তেফাক/অনি