টি-টোয়েন্টি দলে আবু হায়দার

আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে বাঁ-হাতি পেসার আবু হায়দার রনিকে। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।  জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল জানিয়েছেন, সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন ইয়াসিন আরাফাত মিশু। তরুণ এই পেসারের জায়গায় দলে ডাকা হয়েছে রনিকে। গতকাল মিরপুর স্টেডিয়ামের ইনডোরে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিলেন আবু হায়দার রনি। সাকিব-মুশফিকদের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন এই তরুণ পেসার।  বাংলাদেশের হয়ে ১৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৬ উইকেট পেয়েছেন রনি। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন ২৩ বছর বয়সী এই পেস বোলার।