বিশ্বকাপে চোখ ভারতের

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক

ভারত গেল বিশ্বকাপে দারুণ দল নিয়ে গেলেও নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ হারিয়ে সে হতাশা ভুলেছে তারা। এবার বিরাট কোহলির দলের লক্ষ্য আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বসেরার খেতাব পুনরুদ্ধারের লক্ষ্যে দল গড়তেই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলবে ভারত। যে কারণে বিশ্বকাপ স্কোয়াড থাকা সাত খেলোয়াড়কে বাইরে রেখেই চলতি সিরিজের দল ঘোষণা করে কোচ রবি শাস্ত্রীর দল।

আজ রবিবার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। তার আগে অধিনায়ক কোহলি জানান, বিশ্বকাপের জন্যই তৈরি হতে চায় তার দল। এ কারণেই দলে তুলনামূলক নতুন মুখের আধিক্য। বোঝাই যাচ্ছে, বিশ্বকাপে তরুণদের ওপরই ভরসা রাখবে দলটি।

ভারত অধিনায়ক বলেন, ‘শেষ দুই বছরে যারা ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো করেছে তাদের সুযোগ দিতে চেয়েছিলাম আমরা। এটা দলের ভারসাম্য খুঁজে পাওয়ারও ব্যাপার। তবে এক ধরনের ভারসাম্যেই আটকে থাকতে চাই না আমরা। যদি অন্য দলগুলো ৯ নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে তবে আমরা কেন নয়? যে সিদ্ধান্তই নেওয়া হয়েছে ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া হয়েছে।’

কোহলি আরো যোগ করেন, ‘টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ আমাদের প্রত্যেকটা পরিস্থিতি মূল্যায়ন করতে সাহায্য করবে আমাদের। অবশ্যই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের রোডম্যাপ আমাদের মাথায় আছে।’

ইংলিশ গ্রীষ্মে গেল বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি দক্ষিণ আফ্রিকার। প্রথম চার ম্যাচ জয়হীন থাকায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই। নয় ম্যাচের মাত্র তিনটিতে জিতে সপ্তম হয়ে প্রতিযোগিতা শেষ করেছিল ফাফ ডু প্লেসিসের দল।

বিশ্বকাপের এমন দুঃস্মৃতি পেছনে ফেলতে চায় তারাও। তাই দক্ষিণ আফ্রিকা দলেও নতুনদের উপস্থিতি উল্লেখযোগ্য। বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করা ফাফ ডু প্লেসিস নেই এই সিরিজে। তার জায়গা নিয়েছেন উইকেটরক্ষক কুইন্টন ডি কক। তিনি সহ-অধিনায়ক হিসেবে পাচ্ছেন রাসি ভ্যান ডার ডুসেনকে। এছাড়াও বিশ্বকাপ না খেলা টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, জর্ন ফর্টুইন, রিজা হেন্ড্রিকস, এন্ড্রিচ নর্টজে, জর্জ লিন্ডেরা জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে।