ভারতে মূল্যবৃদ্ধি
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
ভারতে বন্যার কারণে দাম বৃদ্ধির অজুহাতে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানো হয়েছে। গত দুই মাসের ব্যবধানে দুই দফায় এই মূল্য বাড়িয়ে প্রতি মেট্রিকটন ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করায় বিপাকে পড়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। তবে নতুন মূল্যের পেঁয়াজ দেশে আসতে এখনো দুই-তিন দিন সময় লাগতে পারে। এর ফলে দেশে আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৮০-৯০ টাকা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গতকাল শনিবার বেলা ৩টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ বোঝাই কোনো ট্রাক দেশে আসেনি।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, গত এক বছর আগে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে ‘রপ্তানি মূল্য’ তুলে নেয় ভারত সরকার। এরপর থেকে দেশের ব্যবসায়ীরা কোনো রপ্তানি মূল্য ছাড়াই ন্যূনতম ১৫০-২০০ ডলার মূল্যে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করতেন। ফলে বন্দরের ব্যবসায়ীরা ১৫-২০ টাকা করে পাইকারি মূল্যে পেঁয়াজ বিক্রি করছিলেন। গত দুই মাস থেকে আবার ৩৫০-৪০০ ডলারে বৃদ্ধি করলে ৩২-৩৬ টাকায় পাইকারি বিক্রি হয়।
ভারতের হিলির ব্যবসায়ী পান্না ও অনিল ঠাকুর জানান, ভারতের মহারাষ্ট্র ও উত্তর প্রদেশসহ বিভিন্ন প্রদেশে বন্যায় পেঁয়াজ উত্পাদন ব্যাহত হয়েছে। এসব অঞ্চলে বেশি পেঁয়াজ উত্পাদন হয়। এজন্য সেখানে পেঁয়াজের সংকট দেখা দিলে দাম বাড়তে থাকে। গত দুই মাস থেকে ৩৫০-৪০০ ডলারে বাংলাদেশে রপ্তানি করা হচ্ছিল। সর্বশেষ গত বুধবার জানতে পেলাম সরকার আবার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বাড়িয়ে ৮৫২ ডলার করেছে। মনে হচ্ছে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিরুত্সাহিত করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। এই মূল্যের পেঁয়াজ এখনো বাংলাদেশে রপ্তানি শুরু করা হয়নি। তিনি আরো জানান, ভারতের বিভিন্ন অঞ্চলে প্রতি কেজি পেঁয়াজ ৪০-৫০ রুপিতে বিক্রি হচ্ছে। দামের বিষয়টি নিয়ে আমরা চিন্তিত আছি। হিলি বন্দরের আমদানিকারক মোবারক হোসেন জানান, ভারত থেকে ৩৫০-৪০০ ডলারে আমদানি করা হচ্ছিল। তাতে বন্দরের মোকামে পেঁয়াজের প্রকারভেদে বিক্রি হচ্ছিল ৩২-৩৬ টাকায়। গত বৃহস্পতিবার আবার প্রতি কেজিতে দুই টাকা বেড়ে বিক্রি হয়েছে ৩৮ টাকায়। নতুন মূল্যের পেঁয়াজ আমদানি করা হলে প্রতি কেজিতে ৭২ টাকার মতো পড়বে।
বন্দরের আরেক আমদানিকারক মোর্শেদুর রহমান জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত কিছু পেঁয়াজের এলসি মূল্য ৪০০ ডলারে করা আছে। সেই পেঁয়াজ গতকাল শনিবার আমদানি করা হবে। আজ রবিবার নতুন রপ্তানি মূল্যের পেঁয়াজ আমদানি করতে ব্যাংকে এলসি করা হবে। হয়তো সেদিন থেকেই দেশে ঢুকবে। এতে করে ভোক্তাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হবে।