হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
বরযাত্রী আসার আগেই শুক্রবার বাল্যবিয়ে বন্ধ হয়েছে এক স্কুলছাত্রীর (১৩)। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন খবর পেয়ে বিয়ে বন্ধের উদ্যোগ নেন। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌরসভার ধেররা গ্রামের কালাগাজী বাড়িতে।
অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঐ দিন নামাজের পরে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ঐ ছাত্রীর সঙ্গে চাঁদপুর সদর উপজেলার সেগদী এলাকার আমিনুল ইসলাম দীপুর (২৬) বিয়ে হওয়ার কথা ছিল। কনের বাড়িতে বরযাত্রী আসার আগেই অঙ্গীকার নিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়।
তিনি আরো জানান, কনের বাবা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না এই মর্মে লিখিতভাবে অঙ্গীকারনামা দিয়েছেন।