রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু রাজশাহীতে যে ম্যুরাল নির্মাণ করা হবে, এটি হবে সর্ববৃহত্ ও সবচেয়ে সুন্দর। ডিজাইন হবে দৃষ্টিনন্দন। দেখে মনে হবে, এইতো বঙ্গবন্ধু, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখে দূর থেকে মানুষের মনটা ভরে যাবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার নয়, এ কাজের মাধ্যমে আমরা তৃপ্তি পাব। আশা করছি আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে রাজশাহীতে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদ্যাপন উত্সব শুরু হবে।

রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, দেশের মধ্যে সবচেয়ে বড়ো বঙ্গবন্ধুর ম্যুরাল হবে এটি। এ স্থানটি হবে রাজশাহীর অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। বঙ্গবন্ধুর এ ম্যুরাল নির্মাণে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হবে।