চাঁদপুরের সততা পরিবহন বাসে ডাকাতি, আটক দুই

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-সিলেটের মধ্যে চলাচলকারী সততা পরিবহনের বাসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে বাসে থাকা পাঁচ জন যাত্রী আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আনোয়ার হোসেন নামে এক ডাকাত আটক রয়েছে। আহত এক যাত্রী কুমিল্লার কুচাতলি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এই ঘটনায় বাসে থাকা ৪৫ জন যাত্রীর প্রায় ১০ লাখ টাকার মূল্যমানের জিনিসপত্র ডাকাতি হয়। শুক্রবার দিনগত রাতে সিলেট থেকে বাসটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসলে পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা এলাকায় আসার পরে বাসে যাত্রীবেশে থাকা সাত জনের সংঘবদ্ধ ডাকাত দল এই ডাকাতির ঘটনা ঘটায়।

আটক আনোয়ার হোসেনকে শনিবার সকাল ১১টায় বাসের লোকজন চাঁদপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। আনোয়ার হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার হরেশপুর গ্রামের মৃত সরব আলীর ছেলে।

সততা পরিবহনের সুপারভাইজর নাম আব্দুল ওহাব বলেন, সিলেট থেকে রাত ১১টায় বাসটি ছাড়ার সময় অন্য যাত্রীদের সঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের তিন জন এবং চার জন পৃথকভাবে টিকিট কেটে সাত জন যাত্রী হিসেবে বাসে উঠে। বাসটি ছাড়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা নামক স্থানে আসলে চালককে তার আসন থেকে জোরপূর্বক উঠিয়ে আটক হওয়া ডাকাত দলের সদস্য আনোয়ার হোসেন চালক আসনে বসেন। ঠিক এই সময়ে তাদের সঙ্গে থাকা বাকি ছয় ডাকাত সদস্য আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রের মুখে সকল যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করেন। ডাকাতদের হামলায় এই সময় চার থেকে পাঁচ জন যাত্রী কম-বেশি আহত হয়। আহতদের সকলেই কুমিল্লার যাত্রী। এর মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় কুচাতলী হাসপাতালে ভর্তি হন।

চাঁদপুর মডেল থানার মো. নাসিম উদ্দিন বলেন, ঘটনাটি যেহেতু অন্য জেলায়। আমরা সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব। আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।