নড়াইল প্রতিনিধি
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে নড়াইলে অনুষ্ঠিত চার দিনব্যাপী সুলতান উত্সবের সমাপনী দিনে নড়াইলের চিত্রা নদীতে নারী ও পুরুষের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে নড়াইলের শেখ রাসেল সেতুর সামনে প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম, নৌকাবাইচ প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। নড়াইলের জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রাণ বেভারেজ লিমিটেড পৃষ্টপোষকতা করেছে।
নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর দুই পাড়ে অর্ধ লক্ষাধিক মানুষ এ নৌকাবাইচ উপভোগ করে। চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় নড়াইলের একটি সারি দল দর্শকদের মাতাতে ট্রলারে সারি গানের আয়োজন করে। এবারের নৌকা বাইচে নড়াইল, যশোর, মাগুরা আর খুলনা থেকে অংশ নিয়েছে মোট ১৩টি নৌকা। এর মধ্যে নারীদের ৪টি আর পুরুষদের বড়ো নয়টি নৌকা। প্রথমে নারীদের বাইচ অনুষ্ঠিত হওয়ার পর শুরু হয় পুরুষদের নৌকা বাইচ। চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।