বরিশালে বাসা থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার

১ লাখ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 বরিশাল অফিস

বরিশাল নগরীর গোরস্থান রোডে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাঈদ আহম্মেদ মান্নার ভাড়া দেওয়া বাসা থেকে আড়াই হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১ লাখ টাকাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

তিনি বলেন, শুক্রবার রাতে নগরীর ২১ নম্বর ওয়ার্ডে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও টাকাসহ মাদক ব্যবসায়ী আসমা আক্তার ও তার সহযোগী সুমন মৃধাকে গ্রেফতার করে। আটক দুই জনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। একই দিন রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ৫৮ পিস ইয়াবাসহ নগরীর বাংলাবাজার এলাকার মাদক ব্যবসায়ী মাইদুল ইসলাম রিফাতকে, এক বোতল মদসহ খোকন মৃধাকে ও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিলকিছ বেগমকে ঢাকা থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে শনিবার সকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, ডিবি পুলিশের সদস্যরা সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব দিনার ছোনের মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হারুন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম ও তাদের পুত্র সোহাগ হাওলাদারকে ১৫ পিস ইয়াবাসহ আটক করে। এছাড়া নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি কলোনি এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান নামের এক মাদক বিক্রেতাকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।