নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী বলেছেন, ‘কিশোর গ্যাং এই কথাটা আমরা নতুনভাবে সব জায়গায় শুনছি। আইনশৃঙ্খলা বাহিনীরাও এই কথাগুলো বলছে। কীভাবে তাদের এই কাজ থেকে দূরে সরানো যায়, কীভাবে তাদেরকেও ভালো করা যায়, সে চিন্তা আমরা করছি না। রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা করা হয় তাহলেও এসব কর্মকাণ্ড থেকে তাদের ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে সংস্কৃতি চর্চা। একটা দেশ সংস্কৃতির দিক থেকে যত বেশি সমৃদ্ধ হবে সে দেশ তত বেশি এগিয়ে যাবে।’
গতকাল নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগারে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক ও গবেষক মফিদুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়সহ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর নগরীর দেওভোগ এলাকায় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভীর বাড়ির অদূরে এক মাঠ থেকে দেশীয় অস্ত্রসহ তিন কিশোরকে আটক করে পুলিশ। এর আগে গত ২৭ জুলাই দেওভোগের হাসেমবাগ এলাকায় শাকিল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দেওভোগে একাধিক কিশোর গ্যাং রয়েছে বলে পুলিশের ধারণা।