ইত্তেফাক রিপোর্ট
আধুনিক জীবপ্রযুক্তি নিয়ে গবেষণা ও ব্যবহারের ক্ষেত্রে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এই প্রযুক্তির অপার সম্ভাবনা ও সুফলের পাশাপাশি পৃথিবীব্যাপী এর ঝুঁকির বিষয়ে চলছে নানা গবেষণা। প্রযুক্তি সংশ্লিষ্ট সব গবেষণা এবং এর প্রয়োগ যাতে মানুষ ও অন্যান্য জীবের কল্যাণে লাগে, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ৭ম বার্ষিক সাউথ এশিয়া বায়োসেফটি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ জীববৈচিত্র্য সনদের আওতায় গৃহীত জীব নিরাপত্তা বিষয়ক কার্টাহেনা চুক্তি অনুযায়ী জীব নিরাপত্তা বিধানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট। তিনি বলেন, আমাদের রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হচ্ছে জীব নিরাপত্তা। বসতবাড়ি থেকে খামার সব জায়গাতেই জীব নিরাপত্তা তথা রোগের জীবাণু প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশ কার্টাহেনা চুক্তিতে স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বায়োটেক কনসোর্টিয়াম ইন্ডিয়া লিমিটেডের চিফ জেনারেল ম্যানেজার ড. বিভা আহুজা। বিশেষ অতিথি ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।