প্রকল্পের টাকা নিয়ে ছাত্রলীগ মিথ্যা গল্প বানাচ্ছে :জাবি ভিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ মিথ্যা গল্প বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও আচার্যকে ঘটনার তদন্ত করবার জন্য অনুরোধও করবেন বলে জানান উপাচার্য। তবে উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের দ্বিমুখী মন্তব্যের ফলে উন্নয়ন প্রকল্পের দুর্নীতির বিষয়টি নিয়ে উত্কণ্ঠা দিন দিন বাড়ছে।

গতকাল শনিবার দুপুরে নিজ বাসভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। এ সময় তিনি বলেন, ‘ছাত্রলীগ প্রধানমন্ত্রীর কাছে যে খোলা চিঠি লিখেছে তা সম্পূর্ণ মিথ্যা। টাকা-পয়সা নিয়ে তাদের (ছাত্রলীগের) সঙ্গে আমার কোনো কথা হয়নি। তারা তাদের মতো করে কাজ করে। তারা কার কাছে কমিশন পায় বা পায় না, তা আমি জানি না। এ বিষয়ে তারা আমাকে ইঙ্গিত দিয়েছিল। তখন টাকা-পয়সা নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলতে নিষেধ করি তাদের।’

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের মূল উদ্দেশ্য ছিল যে তারা ঠিকাদারের কাছ থেকে কিছু কমিশন নেবে। তারা এ বিষয়ে আমাকে ইঙ্গিত দিয়েছে। কিন্তু আমার কাছে এসে তারা হতাশ হয়েছে।’

প্রধানমন্ত্রী বরাবর ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর দেওয়া খোলা চিঠির ব্যাপারে উপাচার্য বলেন, ‘তারা মিথ্যা গল্প ফেঁদেছে। আমি তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এ বিষয়ে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মাননীয় আচার্যকে তদন্ত করতে বলব।’