বখাটেদের যন্ত্রণা দূর হোক

আমি সম্প্রতি বরিশাল থেকে চিকিত্সার জন্য ঢাকায় বেড়াতে আসি। ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির ৩ নম্বর সড়কের ডি ব্লকের একটি বাসায় উঠি। তিনদিন ঐ বাসায় ছিলাম। বাসার সামনে কতিপয় বখাটে ছেলে ও মেয়ের আচরণ কার্যকলাপ আমাকে বিস্মিত করেছে। দিনের বেলায় এরা রাস্তার ওপর পথচারীদের মোবাইলফোন ছিনতাই করে। রাস্তায় জুয়ার আসর বসায়, ক্রিকেট খেলে, চেয়ার পেতে আড্ডা দেয়, ছেলেমেয়েরা একত্রে ধূমপান করে। সন্ধ্যা হতেই মদ-গাঁজার জোগাড়যন্ত্র শুরু হয়। বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে রাস্তা বন্ধ করে ক্রিকেট খেলে। ক্রিকেটখেলার সময় ক্রিকেট-বল এসে গায়ে লাগলে সে ব্যাপারে কিছু বলতে গেলে লাঞ্ছিত করে তারা। ভাড়াটিয়া মহিলারা নিয়মিত এদের ইভটিজিংয়ের শিকার হয়। নতুন লোক দেখলে তাকে আড়ালে ডেকে নিয়ে অস্ত্র দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয়।  বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে জানা যায়, বখাটেরা ৩ নম্বর রাস্তার শেষ মাথার বস্তি ও আশেপাশের বস্তির বাসিন্দা। এদের সবাই ভয় করে, তাই কেউ কিছু বলে না। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামুনুর রশিদ

কালীবাড়ী রোড, বরিশাল