লালমনিরহাট সীমান্তে মসজিদ নির্মাণকাজে বিএসএফের বাধা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইনের অজুহাতে বাংলাদেশের ভেতরে ঢুকে কেরামতিয়া বড় মসজিদের দোতলা ভবন নির্মাণ কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

জানা গেছে, ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে মসজিদের নকশা অনুমোদন হওয়ার পর একই বছরের ২৯ এপ্রিল দোতলা মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু গত শুক্রবার মসজিদের নির্মাণ কাজের শেষ পর্যায়ে জানালায় গ্লাস লাগানোর সময় বিএসএফ শিতলকুচি থানার অমিত ক্যাম্পের টহল দল   নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এতে বাংলাদেশি লোকজনসহ মসজিদে নামাজ পড়তে আসা শত শত মুসল্লিদের মাঝে ক্ষোভ দেখা দেয়।

জানা যায়, দোলাপাড়া সীমান্ত এলাকায় মোগল আমলে কেরামতিয়া হুজুর নামে এক দরবেশ বসবাস করতেন। তার সহযোগিতায় সেখানে ঐ সময় একটি ছোটো মসজিদ নির্মিত হয়। তার মৃত্যুর পর ঐ মসজিদের পাশেই তাকে কবর দেওয়া হয়। পরে একটি বড়ো আকারের মসজিদ নির্মাণ হয় সেখানে। ১৯৪৭ সালে দেশভাগের সময় মসজিদ ও মাজারটি জিরোপয়েন্টে পড়ে যায়। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন। কিন্তু স্থান সংকুলান হতো না। তাই  মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু করে বর্তমান মসজিদ নির্মাণ কমিটি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলিমুদ্দিন জানান, দুই দেশের মধ্যে নকশা অনুমোদন হওয়ার পর মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রায় সময় বিএসএফ নানা অজুহাতে নির্মাণ কাজে বাধা দেয়। জানালায় রঙিন গ্লাস লাগাতে বাধা দিলে আমরা সাদা গ্লাস লাগাতে শুরু করি। কিন্তু শুক্রবার সেই গ্লাস লাগাতেও বাধা দেওয়া হয়। ৬১-বিজিবির বড়খাতা কোম্পানির কমান্ডার সুবেদার ইব্রাহিম মোল্লা জানান, বিএসএফ বাধা দিলেও মসজিদের নির্মাণ কাজ বন্ধ নেই; বর্তমানে টাইলস লাগানোর কাজ চলছে। এ সপ্তাহের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে গ্লাস লাগানোর সিদ্ধান্ত গৃহীত হবে।