প্রত্যাশিত বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার দাবি পুনর্ব্যক্ত করেছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, সুদের হার কমালে এবং সিম্পল রেট চালু করলে ব্যবসার খরচ কমে যাবে। যা ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। এটি কার্যকর হলে শিল্পায়নে গতি বাড়বে। তিনি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবেও এটি কার্যকর করতে ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। শনিবার ঢাকার একটি হোটেলে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সিম্পল রেট কার্যকর করা এখন সময়ের দাবি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত মে মাস থেকেই সিম্পল রেট বা সরল সুদ গণনা পদ্ধতি কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন; কিন্তু সেটি আজও কার্যকর হয়নি। সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার বিষয়টিও ঝুলে গেছে।
মতবিনিময়কালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি বলেন, চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে এর সুফল অর্থনীতিতে পড়বে। তিনি এফবিসিসিআই ইউনিভার্সিটি, ইকনোমিক রিসার্চ সেন্টার, কানাডার টরেন্টো ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয় তুলে ধরেন। ফজলে ফাহিম বলেন, এর ফলে বাংলাদেশ প্রযুক্তিগত উত্কর্ষ সাধন ও আগামী দিনের ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সহজ হবে। এফবিসিসিআইয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেন্টার গঠনের বিষয়টিও তিনি তুলে ধরেন।
এসময় এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ, সহসভাপতিবৃন্দ—সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন, নিজামউদ্দিন রাজেশ, দীলিপ কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন।