‘আমি সত্যের সন্ধানে গৃহত্যাগ করিলাম’

 ‘আমি গৃহপলায়ন করি নাই। গৃহত্যাগ করিলাম। সত্যের সন্ধানে যাইতেছি। আমাকে খোঁজাখুঁজি করিয়া লাভ নাই। সত্যের মধ্যে সত্য আছে। কাজের ভিতরে কাজ আছে।’

এমন সব কথা চিরকুটে লিখে বাড়ি থেকে চলে গেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমানের ছেলে মোহায়মিনুল ইসলাম মোমিন (১৪)। সে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার রাতে এশার নামাজ পড়ার কথা বলে শহরের মনজিতপুরের বাড়ি থেকে সে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সে কোন জঙ্গি সংগঠনের ডাকে বাড়ি ছেড়েছে কি না, কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

মোমিনের বড় ভাই আবদুল আহাদ জানান, সে অত্যন্ত চুপচাপ স্বভাবের ছেলে। তার কোনো বন্ধুও নেই। দুই একটি ছেলের সঙ্গে সে স্কুলে যেতো। সে লেখাপড়ার পাশাপাশি সব সময় আল্লাহর পথ নিয়ে ভাবতো। কবিতা লিখতো। তিনি বলেন, ক্লাসে তাঁর রোল-১। সে আধ্যাত্মিক কথাবার্তা লিখে গেছে। প্রকৃতপক্ষে সে কোথায় গেছে তা এখনও নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে।

বাবা মোস্তাফিজুর রহমান জানান, আমার ছেলে নম্রভদ্র স্বভাবের। সে কোনো চক্রের খপ্পরে পড়ে থাকতে পারে। জেলা পুলিশের সহায়তায় তাকে আমরা খুঁজছি।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ সরকার জানান, ছেলেটি অত্যন্ত বিনয়ী, নম্র স্বভাবের। তবে তাঁর গৃহত্যাগের কারণ তিনি বলতে পারেননি।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুিমশ জানান, ছেলেটির নিখোঁজের খবর শুনে আমরা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নিয়েছি। তবে সে কোথায় এবং কেনো গেছে তাঁর কোনো হদিস পাওয়া যায়নি।