ভারতে ১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মী ইউনিয়নগুলো। ২৫ সেপ্টেম্বর মধ্যরাত থেকে শুরু হবে ওই ধর্মঘট। ২৮ তারিখ চতুর্থ শনিবার এবং ২৯ তারিখ রবিবার হওয়ার ফলে এবার টানা ৪ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক। এই ধর্মঘটে দাবি পূরণ না হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়নগুলো। ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে মিশিয়ে দিয়ে চারটি বড় মাপের ব্যাংক তৈরির কথা গত ৩০ আগস্ট ঘোষণা করেছিলেন অর্থমন্¿ী নির্মলা সীতারামন। সেদিনই ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছিল ব্যাংকের অফিসার ও কর্মীদের সংগঠনগুলো। ইউনিয়নগুলোর অন্যান্য দাবির মধ্যে বেতন সংশোধন এবং সপ্তাহে পাঁচ দিনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। যে চারটি ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে তারা হলো-অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন (এআইবিওসি), অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন (আইআইবিওএ), ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক অফিসার্স কংগ্রেস (আইএনবিওসি) এবং ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাংক অফিসার্স (এনওবিও)। -এনডিটিভি