শনিবার দৈনিক ইত্তেফাকে ‘৮৬ কোটি টাকার লোভ কাল হলো ছাত্রলীগের শীর্ষ নেতার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়েছে, সংবাদটি ভিত্তিহীন। সংবাদটি প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের তথ্য-উপাত্ত যাচাই করা হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: ছাত্রলীগ নেতাদের ৮৬ কোটি টাকার চাঁদা দাবির বিষয়টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিজেই স্বীকার করে গণমাধ্যমে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও বিষয়টি জানিয়েছেন ভিসি। গতকালও ভিসি সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের মূল উদ্দেশ্য ছিল তারা ঠিকাদারের কাছ থেকে কিছু কমিশন নেবে। তারা এ বিষয়ে আমাকে ইঙ্গিত দিয়েছে। কিন্তু আমার কাছে এসে তারা হতাশ হয়েছে।’ এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর খোলা চিঠিতে জাবি ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা প্রদানের বিষয়টিও উঠে এসেছে।