৫০০-এর ঘরে নামল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০০-এর ঘরে নেমেছে। গত ২৪ ঘণ্টায় অর্থাত্ শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৫৬ জন ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরের হাসপাতালে নতুন ৩৭১ জনসহ সারাদেশে ৫২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এদিকে গতকাল ডেঙ্গুতে আরো ৫ জন মারা গেছেন। নিহতরা হলেন—কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রওশন আরা খাতুন (৫২), মাদারিপুরের শিবচরের উমেদপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. সেলিম মাদবর (৩৫) ও সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ মহল্লার নুরুল ইসলামের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৫৬)।

গত ২৩ জুলাইয়ের পর এই প্রথম সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাড়ে ৫০০ জনের নিচে নামল। আর এ মৌসুমে গত ২ জুলাই সর্বশেষ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সর্বনিম্ন ১৫৫ জন রোগী ভর্তির তথ্য রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও চিকিত্সক বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে ডেঙ্গু রোগ সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারণা, ঢাকার দুই সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম ও সর্বোপরি ব্যাপক গণসচেতনতার ফলে রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই কমছে।

চলতি বছরের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৮০ হাজার ৫৬৭ জন। আর চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৩৬৮ জন। এ পর্যন্ত ৯৬ শতাংশ মানুষ চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৯৯৬ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৮৫ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৭১১ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৪৩১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪, মিটফোর্ড হাসপাতালে ২২, ঢাকা শিশু হাসপাতালে ২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৫, বিএসএমএমইউতে ১১, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ১ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৬ জন, খুলনা বিভাগে ১৪৩ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, সিলেট বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।