যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার বার্ষিকীতে রাত ৯টা ১১ মিনিটে, ৯ পাউন্ড ১১ আউন্স ওজন নিয়ে একটি শিশুর জন্ম হয়েছে। শিশুটির মা বলেছেন, এই ঘটনা রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। টেনেসি অঙ্গরাজ্যের জার্মানটাউন শহরের মেথডিস্ট লিবনহুর হাসপাতালে জন্ম নেয় শিশু ক্রিস্টিনা ব্রাউন। খবর বিবিসির
ক্রিস্টিনা ব্রাউনের মা ক্যামেট্রিয়ান মুর-ব্রাউন বলেছেন, ধ্বংস ও মৃত্যুর ভয়াবহতার স্মৃতি বহনকারী দিনটিতে ক্রিস্টিনার আগমন একটা নতুনের বার্তা। ১১ সেপ্টেম্বর ২০০১ সালের হামলার দিনটি নিহতদের স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে আমেরিকার বিভিন্ন রাজ্যে। ক্রিস্টিনার জন্মের পর তার জন্মের সময় এবং তার ওজন নথিভুক্ত করতে গিয়ে হাসপাতালের কর্মচারীরা নাইন-ইলেভেনের সঙ্গে এর মিল দেখে অবাক হয়ে যান। শিশুটির বাবা জাস্টিন ব্রাউন জানান, আমরা শুনলাম সিজারিয়ানের পর শিশুর জন্মসময় চিকিত্সক ঘোষণা করলেন রাত ৯টা ১১ মিনিট। এরপর বাচ্চাটাকে ওজন করে দেখা গেল তার ওজন ৯ পাউন্ড ১১ আউন্স। কণ্ঠ দিয়ে বিস্ময়ের শব্দ বেরিয়ে এল। তিনি বলেন, দেশটির জন্য দুঃখের এই দিনটিতে ওর এমনধারা জন্ম দারুণ উত্তেজনাকর। হাসপাতালের নারী স্বাস্থ্য বিভাগের প্রধান রেচেল লকলিন বলেছেন, এ ধরনের কাকতালীয় মিল খুবই বিরল। ৩৫ বছরের বেশি চাকরিজীবনে আমি কখনো দেখিনি কোনো বাচ্চার জন্মতারিখ, জন্মসময় এবং জন্মের ওজনে এমন মিল। ক্রিস্টিনার মা-বাবা বলেছেন, ক্রিস্টিনা যখন বড়ো হবে তখন তারা তাকে এই তারিখটির তাত্পর্য জানাবেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে কয়েকটি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হন।