ছোটপর্দার পরিচিত মুখ গোলাম কিবরিয়া তানভীর। ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তিন নাটকের শুটিং নিয়ে চলতি সময়ে ব্যস্ত আছেন তিনি। নাটকগুলোর মধ্যে সাজিন আহমেদ বাবুর রচনায় ‘তুমি দাঁড়িয়ে’, ‘আকাশ বেশি দূরে নয়’ শিরোনামের দুটি নাটক নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ এবং ‘ডেসটিনেশন’ নামের আরেকটি নাটক বানাবেন সহীদ উন নবী, রচনা করেছেন তিনি নিজেই। দৃক্যের ব্যানারে নির্মিত তিনটি নাটকেই থাকছেন তানভীর।
নাটকগুলো নিয়ে তানভীর বলেন, ‘শুটিং করতে শিলংয়ে প্রথমবার যাচ্ছি। শুনেছি জায়গাটা খুবই সুন্দর। সেখানে আমাদের দেশের নাটকের শুটিং খুব কম হয়েছে। তাই দর্শক লোকেশনে বৈচিত্র্য পাবেন।’ তিনি আরো বলেন, ‘তিন নাটকের শুটিংয়ে যাচ্ছি। গল্পগুলো অ্যাডভেঞ্জার্স ধাঁচের। এরমধ্যে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, থ্রিলার, হরর, প্রেম ভরপুর থাকবে। যারা নাটকগুলো বানাবেন তারাও নির্মাতা হিসেবে নাম কামিয়েছেন।’
তিন নাটকে আলাদাভাবে আরো অভিনয় করছেন মিশু সাব্বির, কল্যাণ কোরাইয়া, এফএস নাঈম, অর্ষা, সানজিদা তন্ময়, মুকিত জাকারিয়া প্রমুখ। তানভীর বলেন, ‘যারা শুটিংয়ে যাচ্ছি, সবাই অনেক পুরোনো বন্ধু। অনেকদিন পর একসঙ্গে নতুন কোনো জায়গায় শুটিং করতে যাচ্ছি। কাজ, আড্ডা সবকিছুই হবে জমজমাট।’