নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য— প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গতকাল রবিবার বিভিন্ন স্থানে বেগম রোকেয়া দিবস পালিত ও সমাজের বিভিন্ন স্তরে সফলতার স্বীকৃতি হিসাবে নারীদের জয়িতা সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
মৌলভীবাজার: সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন। পরে অতিথিরা জয়িতাদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
বান্দরবান : ৫ সফল নারীকে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন— ইয়াছমিন আক্তার রুবি, জাহান আরা বেগম, ইন্দিরা ত্রিপুরা, সালেহা বেগম এবং পাইংম্রা উ মারমা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইমলাম। এর আগে জেলা প্রশাসন চত্বর থেকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে শহরে র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা ঃ দশ নারীকে শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়।
জয়পুরহাট:জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেবেকা সুলতানা, নারী জাগরণ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাম্মীম আজিজ সাজ প্রমুখ। সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ের ১০ জন জয়িতা নারীতে সম্মাননা হিসাবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান হয়।
রাঙ্গামাটি:সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের মিলনায়তনে আয়োজিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রওশন আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন— রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ মামুন। পরে বিভিন্ন ক্যাটাগড়িতে পাঁচজন নারীকে ‘জয়িতা’ সম্মাননা সনদ প্রদান করা হয়। এরা হলো— মনোয়ারা আক্তার জাহান, লক্ষ্মী রানী চাকমা, হাসিনা বেগম, শাহিনুর বেগম ও শিউলি খানম।
সুনামগঞ্জ:সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ: সকালে দিবসটি উপলক্ষে ইউজিপ প্রকল্পের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শহরে শোভাযাত্রার আয়োজন করে। কর্মসূচিতে অংশ নেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, সচিব মামুনুর রশিদ। বিকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া নারী সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ বিকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
গাইবান্ধা: শহরে শোভাযাত্রা ও পরে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল হোসেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে জেলা পর্যায়ের ৫ জন এবং সদর উপজেলার ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অপরদিকে, গাইবান্ধা নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি রোকেয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী মুক্তি কেন্দ্র জেলা সহ-সভাপতি সুভাসিনী দেবী, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
সিলেট অফিস: গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তি সমৃদ্ধির লক্ষ্যে কবুতর অবমুক্ত করে উদ্বোধন ঘোষণা করেন। পরে শহীদ মিনার চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সাথে বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাগুরা: সকালে মাগুরা পৌরসভা থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভাতে এসে শেষ হয়। শোভাযাত্রায় পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এরপর পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া: সরকারি আযিযুল হক কলেজের ছাত্রীনিবাস রোকেয়া হলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে অবস্থিত রোকেয়া হল থেকে একটি শোভাযাত্রা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলীর নেতৃত্বে ক্যাম্পাস চত্বর প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা হল সুপার প্রফেসর জোহুরা ওয়াহিদা রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী।
নাটোর: সকাল ১১টায় মাদ্রাসার মোড় নাটোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তন হল রুমে আলোচনা অনুষ্ঠান হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম রাব্বি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা পরিষদ সভাপতি দিলারা বেগম পারুল, সদর উপজেলা ভূমি কর্মকর্তা শামিম ভুঁইয়া প্রমুখ। পরে আলোচনা শেষে পাঁচজন জয়িতাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।
কুড়িগ্রাম: দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেটের স্বপ্নকুঁড়ি হলরুমে কুড়িগ্রাম সদর উপজেলা পর্যায়ে ৫ জন ও জেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার নির্বাচিত জয়িতাদের হাতে সনদ, ফুল, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন অতিথিরা।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) ঃ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এসময় উপজেলা সকল নারী সংগঠনের নেত্রীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিল। পরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ এই কর্মসূচির আওতায় কল্পনা রানী মণ্ডল, খাদিজা আক্তার, মানিক জান, মরিয়ম আক্তার ও রেবা রানী দত্তকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়াও, চট্টগ্রামের রাউজান, চাঁদপুরের কচুয়া, ভোলার লালমোহন, ফরিদপুরের মধুখালী, খুলনার ডুমুরিয়া, পাইকগাছা, কিশোরগঞ্জের হোসেনপুর, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, কসবা, নেত্রকোনার কলমাকান্দা, সুনামগঞ্জের জগন্নাথপুর, নোয়াখালীর সেনবাগ, বগুড়ার সোনাতলা, নওগাঁর রাণীনগর, বরগুনার বামনা, নেত্রকোনার দুর্গাপুর, পূর্বধলা, মোহনগঞ্জ, মদন, বরিশালের আগৈলঝাড়া, সাতক্ষীরার তালা, দিনাজপুরের বিরামপুর, বগুড়ার নন্দীগ্রাম, শরীয়তপুরের গোসাইরহাট, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, নরসিংদীর রায়পুরা, মেহেরপুরের গাংনী, টাঙ্গাইলের ভূঞাপুর, বাসাইল, নীলফামারীর ডোমার, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, পাবনার চাটমোহার, কুমিল্লার দাউদকান্দি, জামালপুরের সরিষাবাড়ী, পিরোজপুরের স্বরূপকাঠি, মঠবাড়িয়া, কুড়িগ্রামের রাজারহাট, রৌমারী, নাটোরের লালপুর, ঝিনাইদহের মহেশপুর, বাগেরহাটের শরণখোলা ইত্যাদি স্থানে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।