কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জ উপজেলায় স্বামী পরিত্যক্তা এক নারীর ধর্ষককে আটক করে থানায় দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে।
কিশোরগঞ্জ থানার মামলা সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল ময়দান পাড়া গ্রামের বাসিন্দা স্বামী পরিত্যক্তা নারী সন্তানদের নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করে আসছিল। গত এক বছর পূর্বে একই ইউনিয়নের হামিদুল ইসলামের পুত্র ময়নুল ইসলাম ঐ নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিল। শনিবার রাত ৮টার দিকে ময়নুল আবারও ঐ নারীর ঘরে ঢুকে ধর্ষণের সময় আপত্তিকর অবস্থায় এলাকাবাসী আটক করে তাকে থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ বলেন, ধর্ষক ময়নুলকে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ঐ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।