চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে ব্যাপকহারে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল বেড়ে যাওয়ায় শহরের যানজট চরমে পৌঁছে। এ অবস্থায় জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিকশা তৈরি ও বিক্রি বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে চৌমুহনী শহরের কয়েক স্থানে প্রকাশ্যে ব্যাটারিচালিত রিকশা তৈরি ও বিক্রি হচ্ছে বলে অভিযোগে জানা গেছে।
জানা যায়, সরকারি নিষেধাজ্ঞার পর নোয়াখালী জেলা প্রশাসক ২৮/০৮/২০১৫ তারিখে ৯৬৬ নম্বর স্মারকে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধের নির্দেশ দেন। পরে বিআরটিএর নোয়াখালী সহকারী পরিচালক (ইঞ্জি) ২৮/০১/২০১৬ তারিখে ১৫০ নম্বর স্মারকে ১০ দিনের মধ্যে এসব বিক্রি ও তৈরি বন্ধের নির্দেশ দেন।
শহরের করিমপুর রোডসহ সাত/আট স্থানে প্রকাশ্যে ব্যাটারিচালিত রিকশা তৈরি ও বিক্রি করে চলেছে। পাশাপাশি ইজিবাইক বিক্রিও চলছে। অবশ্য বেগমগঞ্জ উপজেলা প্রশাসন সম্প্রতি চৌমুহনী শহরের প্রধান সড়কে ইজিবাইক চলাচল সীমিত করলেও ব্যাটারিচালিত রিকশা তৈরি ও বিক্রি বন্ধ করেনি। শহরের বেশ কয়েক স্থানে এসব রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বিদ্যুতের অবৈধ সংযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে চৌমুহনী শহরের করিমপুর রোডস্থ ব্যাটারিচালিত রিকশা তৈরি ও বিক্রিকারী এক প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা যা করছি তা সংশ্লিষ্ট মহলকে ম্যানেজ করেই করছি। এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।