পুরোনো খোয়াই নদী দখল উচ্ছেদ অভিযান শুরু আজ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের পুরোনো খোয়াই নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এ ব্যাপারে রবিবার বিকালে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শামছুজ্জামান, পরিবেশ আন্দোলনকারী নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, নদী বা খাল বন্দোবস্ত দেওয়ার কোনো বিধান নেই। অতএব পুরাতন খোয়াই নদীর সম্পূর্ণ অংশ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। কাউকে এক ইঞ্চি জমিও ছাড় দেয়া হবে না। পুরাতন খোয়াই নদী উচ্ছেদ কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পরিকল্পনাধীন খোয়াই রিভার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদী পুনঃখনন, তীর রক্ষা ও বনায়নের মাধ্যমে নান্দনিক রূপ দেওয়া হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়েও সরকারি জমি থেকে সব অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, মাছুলিয়া পয়েন্ট থেকে এস এ রেকর্ড অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করা হবে। সে অনুযায়ী যারাই অবৈধ দখলকারী তাদেরকে উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।