অভিযুক্ত গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত আটটার দিকে রামুর বাইপাস সড়ক সংলগ্ন খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের। নিহত হারুন অর রশিদ (৩৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের মমতাজুল হকের ছেলে। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত ইব্রাহীমকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ইব্রাহীম (৩৮) কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর লরাবাক এলাকার নুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত হারুন অর রশিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া ছুরিকাঘাতকারী ইব্রাহীমকে আটক করা হয়। তবে জনতার পিটুনিতে আহত হওয়ায় তাকেও হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য মামলার প্রক্রিয়া চালাচ্ছে বলেও জানান তিনি।