শ্বশুর আটক
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের কাজিরচর গ্রাম থেকে শনিবার বিকালে গৃহবধূ পান্না বেগম (২২) ও তার মেয়ে লামিয়ার (৩) লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ পান্না বেগমের শ্বশুর আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিহতরা ঐ গ্রামের সুমনের স্ত্রী ও মেয়ে এবং তারা একই উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রামের আবুল কালামের মেয়ে ও নাতনি।
সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন এ ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে মা ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে শনিবার বিকালে পুলিশ পান্নার শ্বশুর বাড়ির বসতঘরের মেঝে থেকে তাদের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ঐদিন সকাল ১১টার দিকে পান্না ঘরের দরজা বন্ধ করে প্রথমে তার মেয়ের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ও পরে নিজে একইভাবে আত্মহত্যা করে। কিন্তু লাশ উদ্ধারকালে নিহতদের গলায় ফাঁস ছিল না। দেখা যায় লাশের পাশে পড়েছিল রশি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা নিয়ে তদন্ত চলছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তা নিশ্চিত হওয়া যাবে। গতকাল রবিবার দুপুর ৩টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।