বার্সার বড়ো জয়, হেরেছে অ্যাটলেটিকো

আলো কাড়লেন আনসুমান ফাতি

স্পোর্টস ডেস্ক

ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্প্যানিশ লিগে শিরোপাধারী বার্সেলোনার ৫-২ গোলের জয়ের দিনে পাদপ্রদীপের আলোয় এসেছেন দলটির ১৬ বছর বয়সী ফরোয়ার্ড আনসুমান ফাতি। গোল করে, করিয়ে কোচ আর্নেস্তো ভালভার্দের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বার্সার জয়ে ফেরার দিনে হোঁচট খেয়েছে শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে হেরেছে কোচ দিয়েগো সিমিওনের দল। সপ্তাহ দুয়েক আগে ওসাসুনার মাঠে গোল করে লিওনেল মেসি ও বোজান ক্রকিচকে টপকে বার্সা ইতিহাসেরই সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গিয়েছিলেন ফাতি। সে নৈপুণ্যের পুরস্কারস্বরূপ এদিন শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন গিনি বিসাউয়ের এই ফরোয়ার্ড। কোচ আর্নেস্তো ভালভার্দে এদিন আরো কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। গেল মৌসুমে কোপা দেল রের ফাইনালে হারা ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথম একাদশেই মাঠে নামান দলে নতুন আসা ফ্র্যাঙ্কি ডি ইয়ং আর তরুণ মিডফিল্ডার আর্থার মেলোকে। যার ফলাফলও মিলল হাতেনাতেই। দারুণ প্রেসিং ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সা। ডি ইয়ংয়ের পাস থেকে গোলের খাতায় নাম লেখান ফাতি। চলতি মৌসুমে লিগম্যাচের শুরুতেই বার্সার এগিয়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম। এর মিনিট পাঁচেক পর ফাতির পাস থেকে লক্ষ্যভেদ করেন ডি ইয়ং। ফলে লা লিগা ইতিহাসে সর্বকনিষ্ঠ গোল ও যোগানদাতাও বনে যান তিনি।

কিন্তু ম্যাচের ২৫ মিনিটে বার্সা রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ভ্যালেন্সিয়াকে ম্যাচে ফেরান কেভিন গ্যামেইরো। তবে ম্যাচের বাকি সময়ে জেরার্ড পিকের লক্ষ্যভেদ আর বদলি হিসেবে আসা লুই সুয়ারেজের জোড়া গোলে সহজ জয়ই পায় শিরোপাধারী দলটি।

মাত্র ষোল বছর বয়সেই বার্সেলোনার হয়ে প্রথম একাদশে সুযোগ পাওয়া, সেটা দারুণভাবে কাজে লাগানো ফাতি ভাসছেন প্রশংসার জোয়ারে। কোচ ভালভার্দে তো তার নৈপুণ্যকে অস্বাভাবিকই বলে বসেছেন! বার্সা কোচের ভাষ্য:‘বার্সেলোনার খেলোয়াড় হওয়া মোটেও সহজ কাজ নয়। সে দারুণ মনোযোগী এবং ভালো খেলছে। ম্যাচে নিজের প্রথম স্পর্শেই গোল পাওয়া, দ্বিতীয় স্পর্শে গোল করানো, তারপর তৃতীয় স্পর্শে আরেকটা গোলের খুব কাছাকাছি চলে যাওয়া মোটেও স্বাভাবিক ব্যাপার নয়।’

ফাতির সঙ্গে এদিন নজর কেড়েছেন আরেক বার্সেলোনা অ্যাকাডেমি ‘লা মাসিয়া’র খেলোয়াড় কার্লোস পেরেজও। অথচ অধিনায়ক লিওনেল মেসি ও স্ট্রাইকার সুয়ারেজ সুস্থ থাকলে দলেই জায়গা পেতেন কিনা তা নিয়েও সন্দেহ আছে বেশ।

কোচ ভালভার্দের মতে, সুযোগ পেয়ে দারুণভাবেই কাজে লাগাচ্ছেন তরুণ দুই ফরোয়ার্ড, ‘মৌসুমজুড়েই তরুণ খেলোয়াড়দের নৈপুণ্য দেখানোর সুযোগ আসে। যখন তা আসে তখন সেটা কাজে লাগাতে হবে তাদের কেননা এটা তাদেরই মুহূর্ত। বার্সা বি দলেও ফাতি দারুণ খেলেছিলো। সুযোগগুলো কাজে লাগানোর গুরুত্ব পরিষ্কার। দুজন খেলোয়াড়ই এটা করে দেখাচ্ছে।’ দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ মৌসুমের প্রথম হারের কবলে পড়েছে। মার্টিন ওডেগার্ড আর নাচো মুনরেয়ালের গোলে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-০ গোলে হেরেছে তারা।