ফিওরেন্তিনার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরেও জুভেন্তাস খেলোয়াড়দের চারিত্রিক দৃঢ়তার তারিফ করেছেন কোচ মাউরিজিও সারি। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে পয়েন্ট খোয়ানোর পর ইটালীয় এই কোচ বলেন, ‘আমরা ভালো মানের পারফরম করতে পারিনি। খুবই কঠিন পরিস্থিতি ছিল, ফিওরেন্তিনা ভালো খেলছিল এবং আমরা আমাদের সব বদলি খেলোয়াড় ব্যবহার করে ফেলেছিলাম। সবদিক বিবেচনায় একটা পয়েন্ট অর্জন করতে আমরা দারুণ চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছি, আমরা অনেকবার বল হারিয়েছি যা হয়তো শারীরিক কারণেই ঘটেছে।’ ম্যাচে প্রতিকূলতার কারণ হিসেবে বিকালে খেলাটাকেও দায়ী করছেন সারি, ‘ফ্লোরেন্সে মধ্য দুপুরে খেলাটা কঠিন, বিশেষত যখন সেটা গ্রীষ্মকালে হয়ে থাকে।’