টেকসই উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে বাংলাদেশের উত্তরণে প্রকল্প কাজে মান ও গতি বৃদ্ধি করতে হবে আর এর জন্য সরকারি ক্রয়ে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর সরকার সর্বাধিক জোর দিয়েছে।
চলতি অর্থ বছরে ৮.২ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-র সচিব আবুল মনসুর মো. ফায়জুল্লাহ এসব কথা বলেন। জেলাভিত্তিক গভর্মেন্ট টেন্ডারারস ফোরাম (জিটিএফ) দেশের উন্নয়নে টেকসই ভূমিকা রাখবে বলে রবিবার খুলনার সার্কিট হাউজে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে তিনি জিটিএফ-এর প্রাতিষ্ঠানিকতার ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর মহাপরিচালক এবং আইএমইডি-র অতিরিক্ত সচিব মো. আলী নূর, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার এবং সিপিটিইউ, আইএমইডি-এর পরিচালক (প্রশিক্ষণ ও সমন্বয়) শীষ হায়দার চৌধুরী। ইশরাত জাহান, উপপরিচালক, স্থানীয় সরকার, খুলনা কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। —প্রেস বিজ্ঞপ্তি