নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তিন রোহিঙ্গা যুবকের পাসপোর্ট ইস্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) দুই কর্মকর্তা এএসআই নুরুল হুদা ও আবুল কালামকে ক্লোজ করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, জেলার সেনবাগ উপজেলার ঠিকানা ব্যবহার করে তিন জন রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন। এ পাসপোর্ট যাচাই-বাছাই করার (ভেরিফিকেশন) দায়িত্বে ছিলেন দুই এএসআই। তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য কাজে অবহেলা করায় জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রত্যাহার ও ক্লোজ করা হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, পাসপোর্ট ভেরিফিকেশনে যেসব কর্মকর্তা দায়িত্বে ছিলেন যারা সার্টিফিকেট সৃজন এবং সত্যায়ন করেছেন প্রত্যেকের বিষয়ে তদন্ত চলছে। তদন্তকালে দেখা যায়, বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা এএসআই নুরুল হুদা রোহিঙ্গা দুই ভাই মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ মুসা এবং এএসআই আবুল কালাম অপর রোহিঙ্গা যুবক মোহাম্মদ আজিজের পাসপোর্ট ভেরিফিকেশন কাজে নিয়োজিত ছিলেন। তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাদের জবাব সন্তোষজনক নয় বিধায় এসবি থেকে প্রত্যাহর করা হয়। এ ঘটনার পেছনে জড়িত প্রত্যেককে চিহ্নিত করা হবে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়, রোহিঙ্গা দুই ভাই মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ মুসার পাসপোর্ট ইস্যু করা হয়েছিল ২০১৮ সালের ২৪ ডিসেম্বর। অপর রোহিঙ্গা মোহাম্মদ আজিজের নামে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল ২০১৯ সালের ২২ জানুয়ারি।