নির্বাচনী ইশতেহারে সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকারের দাবি

সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের প্রতিশ্রুতি, আসন সংখ্যা এক- তৃতীয়াংশ বৃদ্ধি এবং নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণের প্রতিশ্রুতিসহ সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষের সমঅধিকার, সমতাভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অঙ্গীকারের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর এই অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি জনগণকে দিতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।

গতকাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই দাবিতে নারী সমাবেশ আয়োজন করে সংগঠনটি। সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মঞ্জু ধর, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নাসিমা আক্তার এবং টঙ্গী শাখার আন্দোলন সম্পাদক রীতা ব্রহ্ম। সমাবেশে ঘোষণা পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। সমাবেশটি পরিচালনা করেন মহিলা পরিষদের অ্যাডভোকেসি পরিচালক জনা গোস্বামী।

আয়শা খানম বলেন, নির্বাচনের সময়ে নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল সাধারণ মানুষ যাতে স্বেচ্ছায়, সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনকালীন সময়ে নারী ভোটারগণ যাতে নিরাপদে, নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য ভোট কেন্দ্রের সংখ্যা এবং বুথের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তিনি নির্বাচনে নারী প্রার্থীরা যাতে নারী প্রার্থী হিসেবে কোনরূপ বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মালেকা বানু বলেন, আমরা সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন এবং নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণের দাবি জানিয়ে আসছি। কিন্তু ২৫ বছরের জন্য সংরক্ষিত আসন করে আমাদের দাবি পাশ কাটানো হয়েছে। যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য ভাল বার্তা বয়ে আনবে না।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফওজিয়া মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম প্রমুখ।