ক্যাম্পাসে অবাঞ্ছিত ইবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

গতকাল রবিবার সকালে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ৪০ লাখ টাকায় নেতা হওয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয় এবং পদবঞ্চিত বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা ইবি শাখা সভাপতি পলাশ ও সম্পাদক রাকিবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় সূত্র মতে জানা যায়, শনিবার রাত ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল করে ইবি শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় ইবি ছাত্রলীগ কমিটিকে অবাঞ্ছিত দাবি করে স্লোগান দেয় কর্মীরা। গতকাল রবিবার সকাল ১০টায় একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এসময় গত কয়েক দিনে ইবি শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের ফাঁস হওয়া অডিওর বিষয় তুলে ধরেন তারা।

গত ১৪ জুলাই ইংরেজি বিভাগের রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও ফিন্যান্স বিভাগের রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয় শোভন-রাব্বানীর কেন্দ্রীয় সংসদ।