‘উপাচার্য! তদন্ত করে নিজেকে নির্দোষ প্রমাণ করুন’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমকে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করার প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয় নিয়ে ‘মিথ্যাচার’ করে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করা থেকে বিরত থাকার আহ্বান জানান উপাচার্যকে। তারা বলেন, ‘উপাচার্য! তদন্ত করে নিজেকে নির্দোষ প্রমাণ করুন।’

গতকাল রবিবার দুপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অনুষদ ও প্রাশাসনিক ভবন প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সুদিপ্ত দের সঞ্চালনায় সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সদস্য রাকিবুল রনি বলেন, ‘উপাচার্য কোনো তদন্তের দিকে না গিয়ে নিজেকে নির্দোষ দাবি করছেন। তিনি একবার বললেন শোভন-রাব্বানী ৪-৬% চাঁদা দাবি করেছেন। আবার চ্যানেল আইকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, তাদের সঙ্গে টাকার বিষয়ে কোনো কথাই হয়নি। তার এরকম মিথ্যাচার বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করছে।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার মুখপাত্র খান মুনতাসির আরমান উপাচার্যকে উদ্দেশ করে বলেন, ‘ছাত্রলীগ আপনার কাছে টাকা চেয়েছে—এই খবর কেন এত দিন প্রকাশ করেননি? আমরা যখন আমাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করি, তখন আপনি আমাদের নামে মামলা করেন। আপনাকে বহিরাগত কেউ টাকার জন্য চাপ দিল, তবু আপনি থানায় কোনো অভিযোগ করেননি। এতে বোঝা যায়, আপনি নিজেও একজন দুর্নীতিবাজ। তাই আমরা এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত দাবি করছি।’