দেশের বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার জন্য ‘বাংলাদেশ হেলথকেয়ার লিডারশিপ পুরস্কার ২০১৯’ পেয়েছেন। এর আগে ২০১৭ সালে কিডনি চিকিত্সকদের অলাভজনক শীর্ষ সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি কর্তৃক আইএসএন পাইওনিয়র পুরস্কারে ভূষিত হন তিনি।
গত ৮ সেপ্টেম্বর ভারতের অলাভজনক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হেলথ অ্যান্ড ওয়েলনেস এবং সিএইচআরও এশিয়া যৌথভাবে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করে। এর আগে সাত সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক জুরি বোর্ড সকল দিক বিশ্লেষণ করে তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করে। জুরি বোর্ড জানায়, কিডনি রোগের বিশেষায়িত চিকিত্সাসেবা দিয়ে তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশে কিডনি রোগীদের চিকিত্সা প্রদানের পাশাপাশি কিডনি ট্রান্সপ্ল্যান্ট, রোগ প্রতিরোধে গবেষণা, প্রশিক্ষণ গ্রহণসহ নানা বিষয়ে পথিকৃতের মতো তিনি ভূমিকা পালন করছেন।
অধ্যাপক ডা. হারুন আর রশিদ ন্যাশনাল কিডনি ডিজিজেজ অ্যান্ড ইউরোলজির (নিকডু) প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়াও তিনি ছিলেন বিএসএমএমইউর কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। বর্তমানে তিনি সোসাইটি অব অর্গান ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশ (এসওটি) ও মিরপুরে গড়ে ওঠা আধুনিক মানের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি।