বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এমসিকিউ দিতে হবে না

আইনজীবী তালিকাভুক্তির জন্য ২০১৭ সালের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এবার আর এমসিকিউ পরীক্ষা দিতে হবে না বলে সিদ্ধান্ত দিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের গত ১২ সেপ্টেম্বরের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ঐ সিদ্ধান্ত অনুসারে যে সব পরীক্ষার্থী ২০১৭ সালে এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাদের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তারা শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।—প্রেস বিজ্ঞপ্তি